Thursday, November 28, 2019

নৌকা স্কুলের আরেক স্বীকৃতি 'আর্থ হিরো' রেজোয়ান


সমকাল প্রতিবেদক
'আর্থ হিরো' রেজোয়ান
নৌকা স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজোয়ান - সংগৃহীত
বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকায় বছরজুড়ে শিক্ষা সুবিধা নিশ্চিত করে হাজারো মানুষের জীবন বদলে দেওয়া 'নৌকা স্কুলে'র উদ্ভাবক স্থপতি মোহাম্মদ রেজোয়ানকে 'আর্থ হিরো' স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা নজি ক্রো থেকে সম্প্রতি প্রকাশিত লিলি দাইউ রচিত 'আর্থ হিরোজ :টোয়েন্টি ইন্সপায়ারিং স্টোরিজ অব পিপল সেভিং আওয়ার ওয়ার্ল্ড' শিরোনামের বইটিতে রেজোয়ানকে 'আর্থ হিরো' বলা হয়েছে।

তিনি স্বেচ্ছাসেবী সংগঠন 'সিধুলাই স্বনির্ভর সংস্থা'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক।

আর্থ হিরোজ বইয়ে পরিবেশ বাঁচাতে কাজ করেন বিশ্বের এমন ২০ জনের জীবনী ছাপা হয়েছে। মোহাম্মদ রেজোয়ান ছাড়াও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বাড়ানোর আন্দোলনে নেতৃত্বদানকারী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ, সমুদ্রে ময়লা-আবর্জনা সংগ্রহের ভাসমান বিনের (পাত্র) উদ্ভাবক অস্ট্রেলিয়ার নাগরিক অ্যান্ড্রু ঠারটন ও পিইট সেগলেনস্কি, বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্ভাবক গাম্বিয়ার আইসাতু সিজেএ এবং টেকসই ফ্যাশনের জন্য সংগ্রামকারী ব্রিটিশ ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি অন্যতম। বইটিতে তাদের প্রত্যেকেরই জীবন, কর্ম ও সাফল্যবিষয়ক ১০ পাতার বর্ণনা স্থান পেয়েছে। এদের মধ্যে রেজোয়ানের জীবনী দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে।

নজি ক্রো প্রকাশনা সংস্থার নন-ফিকশনের প্রধান রেইচেল কেলহার বলেন, পৃথিবীর ভবিষ্যতের জন্য লড়াই করছে এমন ব্যক্তিদের ২০টি গল্প বইতে আছে। প্রতিটি কাহিনিই আমাদের পৃথিবীর ভবিষ্যতের জন্য লড়াইয়ে একেকটি আশার আলো।

সম্প্রতি আমাজানের সর্বাধিক বই বিক্রয়ের তালিকায় (বেস্ট সেলার লিস্ট) আর্থ হিরোজ বইটি 'ক্লাইমেট চেঞ্জ বুকস্‌ ফর ইয়ং অ্যাডাল্টস' ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান এবং 'বায়োগ্রাফিস অব সোশ্যাল অ্যাক্টিভিস্টস ফর ইয়াং অ্যাডাল্টস্‌' ক্যাটাগরিতে তৃতীয় স্থানে রয়েছে। বুক সেলার ম্যাগাজিন প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি স্পেশালে আর্থ হিরোজ বইটি নিয়ে প্রচ্ছদ প্রকাশ করেছে।

২০০২ সালে মোহাম্মদ রেজোয়ানের নৌকার মধ্যে তৈরি 'ভাসমান স্কুল' এখন বিশ্ব মডেল স্কুল। ১৬টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রেজোয়ান। তার প্রকল্পকে ঘিরে নির্মিত হয়েছে দুটি তথ্যচিত্র। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা আরও অনেক দেশে চালু হয়েছে এই নৌকা স্কুল। যুক্তরাষ্ট্র, জাপানের মতো উন্নত দেশের প্রাথমিক শিক্ষার পাঠক্রমে যুক্ত হয়েছে এই স্কুল। অসাধারণ উদ্ভাবন নৌকার মধ্যে তৈরি এই ভাসমান স্কুল নিয়ে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্র 'ইজি লাইক ওয়াটার'। তার নৌকা স্কুলের ধারণাটি জাতিসংঘের ফান্ডস্‌ অ্যান্ড প্রোগ্রামস্‌ (ইউনিসেফ, ইউএনইপি এবং ইউএনডিপি) থেকে 'ইনোভেশন'-এর স্বীকৃতি পেয়েছে।

আফ্রিকা, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যাপ্রবণ এলাকায় বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনগুলো মোহাম্মদ রেজোয়ানের নৌকা স্কুলের ধারণা অনুসরণ করছে। ফলে ভারত, চীন, নাইজেরিয়া, জাম্বিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে শিশুদের শিক্ষা গ্রহণ সহজ হয়েছে। বর্তমানে বাংলাদেশেও অন্যান্য সংগঠন রেজোয়ানের উদ্ভাবিত এই নৌকা স্কুলের মডেলের অনুকরণে হাওর ও বিলে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করছে।

মোহাম্মদ রেজোয়ান বলেন, 'বন্যা ও ভয়াবহ ঘূর্ণিঝড়ে মানুষকে সংগ্রাম করতে দেখেছি। সহযোগিতা পেলে তারা সংগ্রামে জয়ী হবে এবং এটাই আমাকে তাদের জন্য ভাসমান স্কুল ডিজাইন করতে অনুপ্রাণিত করেছিল। নৌকা স্কুল পরিবেশগত সমস্যার একটি সমাধান, তবে এখনও আরও অনেক কিছুই করার আছে।'



No comments:

Post a Comment