Saturday, November 16, 2019

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের মূল বক্তা মোদি কূটনৈতিক প্রতিবেদক



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের মূল বক্তা মোদি

আগামী বছরের ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য হিন্দু গতকাল শুক্রবার এ খবর জানায়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গত বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ বইমেলার অনুষ্ঠানে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন সম্পর্কে বলেছেন, ‘নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। মোদি ওই অনুষ্ঠানে মূল বক্তব্যও দেবেন।’
হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে বিভিন্ন অনুষ্ঠানে অন্তত ৩০ জন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার সম্ভাবনার কথা বাংলাদেশের গণমাধ্যমে দুই মাস আগেই প্রকাশিত হয়েছে। গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তাঁকে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদির যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপর গত অক্টোবর মাসে নয়াদিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ওই বৈঠক শেষে দুই দেশের যৌথ বিবৃতিতে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সহযোগিতার বিষয়ে দুই নেতার গুরুত্বারোপের কথা উল্লেখ রয়েছে।
শেখ হাসিনা ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

Kaler Kantha

No comments:

Post a Comment