সচেতনতা
কর্মসূচির অংশ হিসেবে শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পরিচালক অধ্যাপক
ডা. মীর জামাল উদ্দিনের হাতে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই) তুলে
দেওয়া হয়- সমকাল
হাসপাতালে রোগী এলেই ছুটে যেতে হয় চিকিৎসক, নার্সসহ সংশ্নিষ্ট
সেবাদানকারীদের। করতে হয় নানা পরীক্ষা-নিরীক্ষা। ব্যক্তিগত সুরক্ষা ছাড়া
রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়তে হচ্ছে
চিকিৎসা-সংশ্নিষ্টদের। করোনাভাইরাস মোকাবিলায় সমকাল সুহৃদ সমাবেশ ও
আল-খায়ের ফাউন্ডেশনের 'আতঙ্ক নয় সচেতন হোন'- কর্মসূচির সপ্তম দিনে গতকাল
শনিবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকদের ৭০টি
ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) ও গ্লাভস প্রদান করা হয়। জাতীয় হৃদরোগ
ইনস্টিটিউটের পক্ষে পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন পিপিই গ্রহণ
করেন। করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চিকিৎসকরা।
এ অবস্থায় তাদের সুরক্ষা জরুরি। প্রতিদিন যে পরিমাণ পিপিই প্রয়োজন হয়, তার
সরবরাহ না থাকায় ঝুঁকি নিয়ে চিকিৎসকদের সেবা দিতে হচ্ছে। এ প্রেক্ষাপটে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকদের জন্য কর্মসূচির প্রথম পর্যায়ে ৭০টি
পিপিই দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের
কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এম জি আজম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ও
ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. সমীর কুমার কুণ্ডু, শিশু বিভাগের প্রধান ও সহযোগী
অধ্যাপক ডা. আবদুল্লাহ শাহরিয়ার প্রমুখ। কর্মসূচির পক্ষে আল-খায়ের
ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ এবং সমকালের সহকারী সম্পাদক
সিরাজুল ইসলাম আবেদ সামগ্রীগুলো হস্তান্তর করেন। ইনস্টিটিউটের পরিচালক
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের
ফাউন্ডেশন যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। চিলমারীতে সুহৃদের মাস্ক ও লিফলেট বিতরণ চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, শুক্রবার চিলমারীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় ৫০০ দরিদ্র মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপজেলার রমনা ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে এবং উপজেলার বন বিভাগ এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় চিলমারীর সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, সুহৃদ চিলমারী শাখার সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment