|
সিরাজগঞ্জ: করোনা
ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় সারা দেশে গণপরিবহন চলাচলে
নিষেধাজ্ঞা আরোপের দ্বিতীয় দিনে অচেনা রূপে সিরাজগঞ্জের মহাসড়কগুলো।
রাত-দিন ২৪ ঘণ্টা ব্যস্ত থাকা এসব মহাসড়কে বিরাজ করছে সুনশান নীরবতা।
শুক্রবার
(২৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং হাটিকুমরুল
গোলচত্বর থেকে বগুড়া, রাজশাহী ও পাবনা মহাসড়কের চিত্র ছিল এমনটাই। মাঝে
মধ্যে দু’একটা পণ্যবাহী ট্রাক কিংবা প্রাইভেটকার দেখা গেলেও বাস-মিনিবাসসহ
যাত্রীবাহী যানবাহনের অস্তিত্ব দেখা যায়নি মহাসড়কগুলোতে। রিকশা-ভ্যান
সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোও চলাচল করছে না। নিয়ন্ত্রিত রয়েছে
জনমানুষের হাঁটা-চলাও।
কড্ডার মোড় এলাকার বাসিন্দা ও জেলা
অটোটেম্পু মালিক সমিতির সভাপতি ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে বলেন,
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কগুলো দিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের
১৯টি জেলার যানবাহন চলাচল করে। এ কারণে এ জেলার সব রুট রাত-দিন ২৪ ঘণ্টাই
ব্যস্ত থাকে। প্রায় সময়ই লেগে থাকে যানজট। শুক্রবার সকাল থেকে ভিন্ন চিত্র
দেখা যাচ্ছে। এ মহাসড়কে এমন চিত্র এর আগে কখনো দেখা যায়নি।
সয়দাবাদ পূর্ণবাসন এলাকার কাপড় ব্যবসায়ী
আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনভর এ সিরাজগঞ্জ
মহাসড়কে হাজার হাজার যানবাহনে তিল ধারণের ঠাঁই পর্যন্ত ছিল না। সারা দিন
লেগে ছিল তীব্র যানজট। কিন্তু শুক্রবার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে।
দু’একটি ট্রাক চলাচল করলেও বাস ও অন্য গণপরিবহন একেবারেই চলছে না।
পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরাফাত
রহমান বাংলানিউজকে বলেন, পাঁচলিয়া বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি
শুক্রবার ঐতিহ্যবাহী পাঁচলিয়া গামছার হাটও বসানো হয়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, মাঝে মধ্যে কয়েকটি
পণ্যবাহী যানবাহন চললেও বেশিরভাগ সময়ই মহাসড়ক একেবারে ফাঁকা। পুলিশের টহল
দল ও ভ্রাম্যমাণ আদালত সব রাস্তাতেই রয়েছে। যাত্রীবাহী যানবাহন দেখলেই
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল
আলম বাংলানিউজকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষ সাড়া
দিয়েছে। জনগণ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। গণপরিবহনও ব্যবহার হচ্ছে না।
তিনি বলেন, জেলায় ছয় শতাধিক পুলিশ ও অফিসার দায়িত্ব পালন করছেন। ‘পরিষ্কার থাকি, পরিষ্কার রাখি’ এমন স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআরএস
এসআরএস
No comments:
Post a Comment