চঞ্চল চৌধুরী। অভিনেতা ও মডেল। করোনাভাইরাসের কারণে এখন শুটিং বন্ধ, ফলে বাসাতেই পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাচ্ছেন। এ ছাড়া এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক 'শহরালী'। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
কেমন আছেন? বাসায় সময় কাটছে কী করে?
এমন অবসর শেষ কবে পেয়েছি তা মনে নেই। পরিবারের সবাইকে নিয়ে দেশের বাইরে বেড়াতে গিয়েছি। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে এসেছি। কিন্তু ঢাকার বাড়িতে বসে এমন ছুটি আনবিলিভেবল। এই অবসরের সময়টা বইপড়া, ছবি আঁকা, ছেলের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সিনেমা দেখে কাটাচ্ছি। ফাঁকে ফাঁকে আত্মীয়স্বজনের সঙ্গে ফোনে কথা বলি।
কী সিনেমা দেখছেন?
নেটফ্লিক্স ছাড়াও বেশ কয়েকটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখছি। তাতেও পুরো সময় কাটে না। সকালে এক্সারসাইজ, নিয়ম করে বই পড়ছি।
করোনা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ খুব অসহায় বোধ করছে ... আপনার ভক্তদের উদ্দেশে কিছু বলুন।
আমি আমার ভক্ত ও দেশের সাধারণ মানুষকে বলতে চাই- আপনারা নিরাপদ থাকার চেষ্টা করুন। আমাদের সরকার এই বিপর্যয়ের মুখে দারুণ কাজ করছে। সবাই স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন। বাড়িতে থাকুন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন। একটা কথা মনে রাখবেন, সবকিছুই একদিন শেষ হয়। ফলে ধৈর্য ধরুন, এই দুঃসময় একদিন কেটে যাবে। আমি নিজেও এই পরিস্থিতি নিয়ে আতঙ্কিত নই। আমি যথাসম্ভব নিরাপদ থাকার চেষ্টা করছি।
করোনাভাইরাসের ভয়াবহতা এ দেশের মানুষ কতটুকু উপলব্ধি করতে পেরেছে ...
সারা পৃথিবী আক্রান্ত। প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে। সরকার ছুটি ঘোষণা করলে লাখ লাখ মানুষ গাদাগাদি করে গ্রামে চলে গেছে। তাদের ভাব দেখে মনে হচ্ছে এটা যেন কোনো উৎসবের ছুটি! বাড়িতে গিয়ে এদের দ্বারা আপনজনদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই জায়গাটায় মানুষকে কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না।
এবার ভিন্ন প্রসঙ্গে আসি, অনেকদিন হলো 'শহরালী' ধারাবাহিকটি প্রচার হচ্ছে। আপনার অন্যান্য নাটক থেকে কতটুকু আলাদা?
বন্ধুর সন্ধানে ঢাকায় আসা শহরালী নামের এক বেকার যুবককে নিয়ে এর গল্প। ঢাকায় এসে বিপদে পড়েছে শহরালী। কোনো উপায় না পেয়ে বেঁচে থাকার সংগ্রামে নামে সে। এরপর ঘটতে থাকবে নানা ঘটনা। চরিত্রে চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে, কিন্তু গল্প অন্যান্য নাটক থেকে কিছুটা আলাদা।
গান ও পেইন্টিংয়ের কাজ কেমন চলছে?
গান গাওয়া, ছবি আঁকাআঁকি আমার শখের কাজ। এর চর্চা নিয়মিত হয়ে ওঠে না। করোনা পরিস্থিতির কারণে মনটা ভালো নেই। কোনো নির্মাতা ফোন করলেও কাজের বিষয়ে কথা বলি না। এখন যে সংকটে আছি এটা নিয়েই বেশি ভাবতে চাই।Samakal
No comments:
Post a Comment